সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও বই বিতরণ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
তীব্র শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের তত্ত্বাবধানে কিশোরগঞ্জের একটি মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক ও শিক্ষামূলক নতুন বই বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মো. সোবারক হোসেন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোল্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,
“শিক্ষাই পারে একটি শিশুর জীবন বদলে দিতে। তাই সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। সুফিয়া–মান্নান ফাউন্ডেশন ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির মিল্লাতী। অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, নতুন পোশাক, শিক্ষা উপকরণ ও নতুন বই তুলে দেন।
অনুষ্ঠান শেষে বক্তারা সুফিয়া–মান্নান ফাউন্ডেশন ও সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
মতামত