শাহ্ ওমর (রাঃ) মাজারঘেঁষা জমি ভরাটপ্রশাসনের নীরবতায় ফসলি জমি গিলে খেল আবুল খাইর ?
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ ওমর (রাঃ) মাজারসংলগ্ন ফসলি জমি অবৈধভাবে ভরাটের ঘটনায় আবুল খাইর টৌবাকু কোম্পানির বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান একদিকে যেমন আলোচনার জন্ম দিয়েছে, অন্যদিকে উসকে দিয়েছে আরও গুরুতর প্রশ্ন ! এই দুঃসাহস কি হঠাৎ, নাকি দীর্ঘদিনের প্রশাসনিক নীরবতার ফল? ঘটনাটি কি শেষ ধাপের বহিঃপ্রকাশ?
১১ জানুয়ারি বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) রূপায়ণ দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু ভরাট বন্ধ ও ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কিন্তু স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি কোনো একদিনের অপরাধ নয়। বেশ কদিন ধরে পরিকল্পিতভাবে বালু ফেলে উর্বর কৃষিজমির ধরন পরিবর্তনের কাজ চলছিল।
প্রশ্ন উঠছে, দিনের পর দিন ট্রাকভর্তি বালু কোথা দিয়ে এল? কে দেখল, কে দেখল না? প্রশাসনের চোখের আড়ালে এত বড় কার্যক্রম কীভাবে চলল?
ফসলি জমি ভরাটঃ
শুধু আইন লঙ্ঘন নয়, ফসলি জমি ভরাট মানে কেবল জমির উপর বালু চাপা দেওয়া নয়, এটি কৃষকের রুটি-রুজি ধ্বংস, খাদ্য উৎপাদনে আঘাত এবং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। তামাকশিল্প সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকিকে আরও ভয়াবহ করে তুলছে।
ধর্মীয় ঐতিহ্যের ওপর আগ্রাসনঃ
শাহ্ ওমর (রাঃ)-এর মাজার এই এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের প্রতীক। সেই মাজারসংলগ্ন এলাকায় ভারী বালু ভরাট ও যান্ত্রিক কার্যক্রম কেবল পরিবেশগত ভারসাম্য নয়, ধর্মীয় পরিবেশকেও অবমাননার মুখে ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।
জরিমানাই কি চূড়ান্ত শাস্তি ?
২ লাখ টাকা জরিমানা একটি বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্য এটি কতটা শাস্তিমূলক ? নাকি এটি অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার লাইসেন্স ফি ? স্থানীয়দের অভিযোগ, অতীতেও জরিমানা দিয়ে দায় এড়িয়ে যাওয়ার নজির রয়েছে। তাহলে এই শাস্তি কি আদৌ দৃষ্টান্ত স্থাপন করবে ?
প্রশাসনিক দায় এড়ানোর সুযোগ আছে ?
একাধিক অভিযোগ থাকার পরও যদি দীর্ঘদিন অবৈধ ভরাট চলতে পারে, তবে দায় শুধু প্রতিষ্ঠানের নয়, প্রশাসনিক তদারকিও প্রশ্নবিদ্ধ । কেন আগেভাগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ? কার গাফিলতি ! কার প্রভাব ! নাকি কার নীরব সমর্থনে এই দাপট বেড়েছে, তা খতিয়ে দেখা জরুরি।
বিশ্লেষকদের মতে,কী করা না হলে অপরাধ চলবেই?
* ভরাটকৃত জমি অবিলম্বে পুনরুদ্ধার
* স্থায়ী উচ্ছেদ অভিযান
* দায়ী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা
এবং মাজারসংলগ্ন এলাকা বিশেষ পরিবেশ সংরক্ষিত ঘোষণা না করলে এ ধরনের অপরাধ বারবার ফিরে আসবে।
শাহ্ ওমর (রাঃ) মাজারঘেঁষা জমি ভরাটের ঘটনা প্রমাণ করে দিয়েছে, প্রভাবশালীদের ক্ষেত্রে আইন এখনো পুরোপুরি কঠোর নয়। প্রশ্ন একটাই, এই অভিযান কি সত্যিকারের পরিবর্তনের সূচনা, নাকি কয়েক দিনের আলোচনার পর আবারও বালুর নিচে চাপা পড়ে যাবে কৃষকের অধিকার ?
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
ভ্রাম্যমাণ প্রতিনিধি, জাতীয় দৈনিক ভোরের সময়,
মতামত