থানায় জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ
কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় নিকলী থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে নিকলী থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল।
ওপেন হাউজ ডে উপলক্ষে পুলিশ সুপার নিকলী উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“সাধারণ জনগণই পুলিশের প্রকৃত শক্তি।”
তিনি জানান, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা ও একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মুক্ত আলোচনায় পুলিশ সুপার মাদকদ্রব্য, চাঁদাবাজি, দুষ্কৃতকারীদের তৎপরতা, পুলিশি সেবা ও হয়রানি সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত ও অভিযোগ শোনেন। উপস্থিত ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল সুরক্ষা নিশ্চিত করা এবং আইনের শাসন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওপেন হাউজ ডে কার্যকর ভূমিকা রাখছে, যা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত