হাতীবান্ধায় ওসির উপস্থিতি ঘিরে বিতর্ক, আওয়ামী লীগ নেতার বাসা নিয়ে তদন্তে পুলিশ
মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ ওঠায় পুলিশ বিভাগ বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। এ ঘটনায় একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন সুমাকে দায়িত্ব দিয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় একাধিক আওয়ামী লীগ নেতার উপস্থিতিকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দাওয়াতের আড়ালে সেখানে রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং ওই আয়োজনে হাতীবান্ধা থানার ওসিও অংশ নেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় উপজেলা আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ দ্রুত ওই এলাকা ত্যাগ করেন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।তবে বিষয়টি অস্বীকার করেছেন আয়োজক আমজাদ হোসেন তাজুর পরিবার। তার স্ত্রী শাপলা আক্তার বলেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না; বরং পারিবারিক একটি দাওয়াতের অনুষ্ঠান ছিল। সেই দাওয়াতেই অতিথি হিসেবে কয়েকজন উপস্থিত ছিলেন।
এদিকে জানা গেছে, আমজাদ হোসেন তাজু লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন। তিনি একাধিক মামলার আসামি এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
অন্য একটি সূত্র জানায়, ওই রাতে জেলার বাইরে কর্মরত প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ বিষয়ে শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক নেতার বাসায় যাননি এবং কোনো বৈঠকে অংশ নেননি।তবে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, ওই বাসায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাওয়াত খেতে গিয়েছিলেন। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ওসি সেখানে যান।
পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত