বিজয়পুর–অলিরবাজার–গজারিয়া–আলামপুর–সুয়াগঞ্জ সড়কের কাজ শুরু
স্টাফ রিপোর্টার ॥
বিজয়পুর থেকে অলিরবাজার, গজারিয়া ও আলামপুর হয়ে সুয়াগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে থাকা এই সড়কের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
জানা গেছে, প্রায় চার মাস আগে কুমিল্লা-৬ আসনের জনপ্রিয় নেতা জনাব মনিরুল হক চৌধুরী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এই সড়কটি দ্রুত সংস্কার ও উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটির কাজ বাস্তবায়ন শুরু হওয়ায় এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। সড়কের কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদী।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, জনাব মনিরুল হক চৌধুরী কথা নয়, কাজের মাধ্যমে জনগণের পাশে থাকার প্রমাণ দিচ্ছেন। তাঁর এই উদ্যোগ এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সড়কটির কাজ মানসম্মতভাবে সম্পন্ন হবে।


মতামত