তাড়াইল থানায় জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ০৮ জানুয়ারি ২০২৬কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে তাড়াইল থানায় বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে থানা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ সময় স্বাগত বক্তব্য দেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন।
ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার সাধারণ জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাড়াইল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে তাদের মতামত, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, “জনগণই পুলিশের মূল শক্তি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
খোলা আলোচনায় তিনি উপস্থিত জনসাধারণের কাছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা, পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে মতামত ও অভিযোগ জানতে চান। স্থানীয়রা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা ও দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের কার্যক্রম জনবান্ধব পুলিশিংকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
মতামত