গাইবান্ধায় গণভোটের জনসচেতনতামূলক প্রচারণার সূচনা করলেন জেলা প্রশাসক
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা বাস টার্মিনাল চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে প্রচারণার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় তিনি গণভোট ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি ভোটারদের নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক সচেতনতামূলক বোর্ডে স্বাক্ষর করেন। এই প্রতীকী স্বাক্ষরের মাধ্যমে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব ও নাগরিক দায়িত্বের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত সাধারণ মানুষ ও পথচারীরা করতালির মাধ্যমে উদ্যোগটিকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এই প্রচারণা কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত