এবারকার নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত
চকরিয়ায় বিএনপির প্রতিনিধি সভায় সালাহ উদ্দিন আহমদের আশাবাদ, তৃণমূলকে ঘরে ঘরে যেতে নির্দেশ
মোঃ আবদুল্লাহ (আল-মামুন)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীদের উদ্দীপনা জাগানো এবং দলকে সুসংগঠিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন আহমদ।
সভায় তিনি বলেন,
দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা এবার নিজেদের ভোটাধিকার নিজেই রক্ষা করবে। আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি, এবারের নির্বাচন বিশ্বের কাছে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। জনগণের কাছে সত্যের এবং ন্যায়ের কণ্ঠ পৌঁছানোই আমাদের রাজনৈতিক দায়িত্ব।
সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলে মিলিতভাবে নির্বাচনে শক্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
মতামত