রামুতে পুলিশের অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক নুরুল আমিনসংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেটের সক্রিয় সদস্য, গডফাদার এখনো অধরা
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার বাসিন্দা নুরুল আমিনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নুরুল আমিনকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে মাদক পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামু থানা পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা পাচারের সঙ্গে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুরুল আমিন নিজেকে ইয়াবা পাচার চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে। তবে এই চক্রের মূল হোতা বা তথাকথিত গডফাদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তাবলীগ জামাতের আড়াল ব্যবহার করে মাদক পাচার কার্যক্রম চালিয়ে আসছে। আবার কখনো নাটোরের আলু আড়তদার পরিচয়ে ব্যবসার নাম ভাঙিয়ে ইয়াবা পাচার করা হয়। এই সিন্ডিকেট সদস্যদের মাধ্যমে বিভিন্ন পরিবহন ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য, গত সপ্তাহে একই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মোবারক নামের এক সিএনজি চালককেও আটক করা হয়, যিনি ইয়াবা পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের দাবি।
রামু থানা পুলিশ জানিয়েছে, আটক নুরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই সিন্ডিকেটের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজার জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।
মতামত