ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, একজনের কারাদণ্ড
আব্দুল মতিন মুন্সী ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষর যাচাই-বাছাইয়ের জন্য মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।
তদন্তের অংশ হিসেবে আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম ও বাজাড়া গ্রামে যান। সেখানে যেসব ভোটারের নামে স্বাক্ষর দেওয়া হয়েছে, সেই দুই ব্যক্তি সহকারী কমিশনার (ভূমি)-এর সামনে জানান—তারা কেউই মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি এবং বিষয়টি সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞাত।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযোগ ওঠে, আরিফুর রহমান দোলন, তার স্টাফ পরিচয়ধারী কথিত সাংবাদিক মুজাহিদ, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোসবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক মিজান এবং কাজী শফিক ওই ভোটারদের বাড়িতে যান। সেখানে গিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
এ সময় পরিস্থিতির একপর্যায়ে কাজী শফিককে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে দোলনের স্টাফ পরিচয়ধারী মুজাহিদকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোসবুর রহমান খোকন এবং পৌর যুবদলের আহ্বায়ক মিজান উপজেলা কার্যালয়ের নিচে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
মতামত