লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
লালমাই উপজেলা প্রতিষ্ঠার পরবর্তী সময়ে ২০১৮ সালের ১ জানুয়ারি উপজেলার একমাত্র পেশাজীবী সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে লালমাই প্রেস ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি লালমাই উপজেলা বাসীর আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি সুখে-দুঃখে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় লালমাই প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। একই সঙ্গে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।
লালমাই প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম জানান, “সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থ রক্ষায় লালমাই প্রেস ক্লাব আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।” তিনি অনুষ্ঠানের সফলতা কামনায় উপজেলার সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।
মতামত