দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা
গণতন্ত্রের মূর্ত প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি জানায়, বেগম খালেদা জিয়া ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা, যিনি আজীবন মানুষের নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকশূন্য হলো বলে মন্তব্য করেছে দলটি।
বিএনপির পক্ষ থেকে দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—
৭ দিনব্যাপী দলীয় শোক পালন
৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন
কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন
দলের সকল স্তরের নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ
কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে শোকবই খোলা
মরহুমার নামাজে জানাজা ও দোয়া মাহফিল আয়োজন
বিএনপি নেতৃত্ব আশা প্রকাশ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
মতামত