হরিরামপুরে জলবায়ু ন্যায্যতা ও দ্বন্দ্ব সংবেদনশীলতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত।
জলবায়ু ন্যায়বিচার ও দ্বন্দ্ব সংবেদনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে ও বারসিক (BARCIK) এবং গ্রিন কোয়ালিশন সার্বিক সহযোগিতায় একদিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) আয়োজিত এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশন ও স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্য আয়েশা মুস্তাফিজ, মিথিলা আক্তার এবং বারসিক হরিরামপুরের প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা।
অংশগ্রহণকারীরা জানান, পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে হরিরামপুর অঞ্চলে প্রতি বছর শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। ভাঙনসহ বর্ষায় নদীর নাব্যতা সংকটে ঘরবাড়ি, শস্যক্ষেত্র ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ইছামতি নদীতে বাঁধ এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নদীর পানি দূষিত হচ্ছে; নদীমাছ হারিয়ে যাচ্ছে, পানির ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় অংশগ্রহণকারী যুবকরা জৈব উপায়ে চাষাবাদ সম্প্রসারণ, চরের পতিত জমির সঠিক ব্যবহার, তাল ও খেজুরসহ ফলজ বৃক্ষরোপণ, পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ইছামতি নদীর পানি প্রবাহ পুনরুদ্ধারে সামাজিক আলাপ-আলোচনা জোরদারের পরিকল্পনা গ্রহণ করেন।
কর্মশালার শেষে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশ-প্রকৃতি রক্ষা এবং টেকসই কৃষি উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। এসময় বাপ্পি খানকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মতামত