মদনে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর
মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের ওপর হামলা ও তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৮/১২/২৫ ইং) সকালে মদন উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে (মাটি) বিক্রির দায়ে জরিমানা করায় মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একটি মাটি খেকো চক্র। রোববার সকালে প্রায় ৭০-৮০ জন লোক উপজেলা পরিষদ চত্বরে ঢুকে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল করে। এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
মিছিল চলাকালে সমাজসেবা কার্যালয়ের সামনে রাখা সাংবাদিক নিজাম উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গাড়ি ভাঙচুরের কারণ জানতে চাইলে হামলাকারীরা তাকে মারধর ও লাঞ্ছিত করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষিজমির টপসয়েল কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল। পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এসব অভিযান ও সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে ওঠে মাটি খেকো চক্রটি।
এ বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন বলেন,
“রোববার সকালে ব্যক্তিগত কাজে সমাজসেবা কার্যালয়ে ছিলাম। হঠাৎ এসিল্যান্ডের বিরুদ্ধে একটি মিছিল আসে। তারা আমার মোটরসাইকেল ভাঙচুর করে। কাছে গেলে আমাকে মারধর করে এবং মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার বলেন,
“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,
“অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এতে ক্ষুব্ধ একটি মহল মিছিল করেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে মদন থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
মতামত