শিশু হত্যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ,মাদ্রাসা শিক্ষার্থী মুদ্দাসসির হত্যার বিচার দাবি
সাদ্দাম হোসেন জাহিন,ঢাকা জেলা প্রতিনিধি
মাদ্রাসার ভেতরে সংঘটিত একটি নিষ্পাপ শিশুর নির্মম হত্যাকাণ্ড সারাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। রাজধানীর একটি মাদ্রাসার ওয়াশরুম থেকে নয় বছর বয়সী শিশু শিক্ষার্থী মুদ্দাসসিরের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন নিহতের পরিবার, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা। শিশু হত্যার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না।”
বক্তারা আরও বলেন, যে শিক্ষাপ্রতিষ্ঠানকে শিশুদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করা হয়, সেই প্রতিষ্ঠানেই যদি শিশুর জীবন নিরাপদ না থাকে, তবে তা সমাজের জন্য ভয়াবহ হুমকিস্বরূপ। এই হত্যাকাণ্ড শিশুদের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।
সমাবেশে নিহত মুদ্দাসসিরের বাবা-মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। আমরা আমাদের সন্তানের হত্যার সুষ্ঠু বিচার চাই।”
নিহতের পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় এলাকাবাসীও বক্তব্য রাখেন। তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
সমাবেশ থেকে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক মাওলানা ক্বারী আনিসুর রহমানসহ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সমাবেশে উত্থাপিত প্রধান দাবিসমূহ হলো—
১. অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন করতে হবে
২. হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে
৩. শিশু হত্যার মতো জঘন্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
৪. ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি থেকে তারা একচুলও সরে আসবেন না।
মতামত