কুমিল্লা-০৬ আসন থেকে তারেক রহমানকে প্রার্থী করার আহ্বান হাজী আমিন উর রশিদ ইয়াছিনের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুমিল্লা-০৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “আপনি শুধু মনোনয়ন জমা দিন—আমরা ইনশাল্লাহ লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আপনাকে বিজয়ী করবো।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া জ্ঞাপন এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও কুমিল্লা-০৬ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজী ইয়াছিন।
তিনি বলেন, “দলের কোনো ক্ষতি হলে আমরা যেমন কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। কুমিল্লার বিএনপিকে বাঁচাতে আপনাকে এগিয়ে আসতে হবে। হাজার হাজার নেতাকর্মীর প্রাণের দাবি—আপনি এই আসন থেকে নির্বাচন করুন।”
হাজী ইয়াছিন তার বক্তব্যে বলেন, তারেক রহমান দেশে ফিরে বাংলার মাটিকে বুকে ধারণ করেছেন, যা দেশের ১৮ কোটি মানুষকে একত্রিত করেছে। তিনি বলেন, “এই মুহূর্তের জন্য বাংলার মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে।”
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে হাজী ইয়াছিন বলেন, “রাজনীতি আমার পেশা নয়, জীবিকা নয়, অর্থ উপার্জনের পথও নয়। আমি রাজনীতি করি কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।”
তিনি আরও বলেন, কুমিল্লার কৃষক, শ্রমিক, শিক্ষক, যুবসমাজ ও মা-বোনদের জন্যই তার রাজনীতি।
নেতাকর্মীদের উদ্দেশে হাজী ইয়াছিন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কুমিল্লা-০৬ আসনের প্রতিটি নেতাকর্মী ৩০ থেকে ৩৫টি মামলা মোকাবিলা করে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি কখনো দলের ক্ষতি বা বদনামের কারণ হইনি। প্রিয় নেতা দূরে থাকায় হয়তো কুমিল্লার বাস্তব চিত্র তাঁর কাছে সঠিকভাবে পৌঁছায়নি।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা আমার জন্য মনোনয়নপত্র কিনেছেন। প্রাথমিকভাবে অন্য একজন মনোনয়ন পেলেও আপনারা আমার পাশে আছেন। এখনো সময় আছে—পরিবর্তন আসতে পারে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “যদি শতকরা আশি ভাগ নেতাকর্মী একমত না হন, আমি মনোনয়ন চাইবো না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রিয় নেতা আমাদের আবেদন বিবেচনায় নেবেন।”
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ আরও অনেকে।
এছাড়াও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হাজী আনোয়ারুল হক, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে কুমিল্লা-০৬ আসনের নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় হাজী আমিন উর রশিদ ইয়াছিন নেতাকর্মীদের জামিন, চিকিৎসা, আইনি সহায়তা, পরিবারগুলোর ভরণপোষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে ছিলেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে ভিন্ন একটি আসনের প্রার্থীকে কুমিল্লা-০৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা বলেন, “এ আসনে হয় হাজী ইয়াছিন, নয়তো দেশনায়ক তারেক রহমান—তৃণমূলের ম্যাসেজ ক্লিয়ার।”
নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, হাজী ইয়াছিনের ত্যাগ, সততা ও নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৬ আসনে বিজয় ছিনিয়ে আনতে তারা মাঠে থাকার ঘোষণা দেন।
মতামত