জাতীয় স্মৃতিসৌধে ‘রাজনৈতিক কর্মী’ পরিচয়ে স্বাক্ষর : তারেক রহমানের আচরণে নতুন বার্তা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা
দীর্ঘ সময় পর দেশে ফিরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে নিজের পরিচয় হিসেবে তিনি শুধু “রাজনৈতিক কর্মী” লিখেছেন—যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষরের সময় তিনি নিজের পরিচয়ের সঙ্গে কোনো পদবি, দলীয় অবস্থান কিংবা পারিবারিক পরিচয় উল্লেখ করেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পুত্র কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান—এই পরিচয়গুলোর কোনোটিই তিনি সেখানে ব্যবহার করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি তারেক রহমানের একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা। একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা হয়েও নিজেকে শুধুমাত্র “কর্মী” হিসেবে উপস্থাপন করা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে তুলনামূলকভাবে ব্যতিক্রমী ঘটনা।
বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন—রাজনীতিতে কেউই কর্মীর ঊর্ধ্বে নন এবং নেতৃত্ব মানেই কর্মীসত্তা থেকে বিচ্ছিন্ন হওয়া নয়।
মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখা এবং দলীয় পুনর্গঠনের ওপর জোর দেওয়ার প্রেক্ষাপটে তার এই আচরণকে ‘ডাউন টু আর্থ’ নেতৃত্বের প্রতিফলন হিসেবেও দেখছেন অনেকে। এতে দলীয় কর্মীদের মধ্যে আস্থা ও সম্পৃক্ততা আরও দৃঢ় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতা বা পদ নয়—কাজ ও দায়িত্ববোধের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার এই দৃষ্টিভঙ্গি একজন রাজনীতিককে ধীরে ধীরে রাষ্ট্রনায়কসুলভ উচ্চতায় নিয়ে যেতে পারে।
তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পরিচয় সংক্রান্ত এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের ভাষা ও আচরণে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অনেকে।
মতামত