লালমাইয়ে শীতার্ত ও অসহায়দের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত, অসহায় ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
শীতবস্ত্র বিতরণকালে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। বিশেষ করে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো উচিত, যাতে কেউ শীতের কষ্টে মানবেতর জীবনযাপন করতে না হয়।
এ সময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার দাবি জানান।



মতামত