সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড,১ কর্মচারীর মৃত্যু, ১৫ জন জীবিত উদ্ধার
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় ক্রুসহ জাহাজে থাকা ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী ওঠানোর প্রস্তুতির সময় হঠাৎ করে জাহাজটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নদীর মোহনায় দাও দাও করে জ্বলতে থাকে জাহাজটি।
নিহত ব্যক্তির নাম নুর কামাল (৩৫)। তিনি জাহাজটির কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তিনি একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
খবর পেয়ে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নির্বাপণের কাজ চলমান ছিল।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান,
“জাহাজের একটি কক্ষ থেকে এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ ভেতরে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তল্লাশি চলছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।”
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন,
“আজ ১৯৪ জন পর্যটকের এই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত, আগুন লাগার সময় কেউ জাহাজে ওঠেননি—সবাই ঘাটে অপেক্ষা করছিলেন।”
তিনি আরও জানান, যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণক্ষমতা অনুযায়ী সেন্টমার্টিনে পাঠানো হয়েছে এবং বাকিরা আগামীকাল যাত্রা করবেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন,
“যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান গণমাধ্যমকে জানান,
“অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আজ বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়। সরকার নির্ধারিত ১২টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।
মতামত