সন্দ্বীপে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করল আধুনিক ফুটবল গ্রাউন্ড টার্ফ মাঠ
সন্দ্বীপে ক্রীড়া প্রেমীদের জন্য নতুন দিগন্তের সূচনা হলো আজ। দ্বীপে প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি ফুটবল গ্রাউন্ডে টার্ফ মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টার্ফ মাঠটির শুভ উদ্বোধন করা হয়।
তরুণ উদ্যোক্তা সাইফুল আলম আবির,সাজিদুল মাওলা সাজিদ,ও মুশফিকুর রহমান খান হিমু –এর উদ্যোগে, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান এর তর্তাবধানে নির্মিত আধুনিক এই ফুটবল গ্রাউন্ডটি সন্দ্বীপের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর, সাংবাদিক চারু মিল্লাত, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, বাংলাদেশ বেতার প্রতিনিধি সাজিদ মোহন, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, টার্ফ গ্রাউন্ডের উদ্যেগতা সাইফুল আলম আবির, মুশফিকুর রহমান হিমু, মোহাম্মদ সাজিদ,সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব প্রকৌশলী কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপ থানার ওসি জায়েদ নুর বলেন , আধুনিক টার্ফ গ্রাউন্ড নির্মাণ সন্দ্বীপের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে। এতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজ দূরে থাকবে এবং সুস্থ ধারার ক্রীড়া চর্চা গড়ে উঠবে। একই সঙ্গে উদ্যোক্তাদের এই উদ্যোগ সন্দ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই সন্দ্বীপে আধুনিক ক্রীড়া সুবিধার অভাব ছিল। নতুন এই টার্ফ গ্রাউন্ড সেই অভাব অনেকটাই পূরণ করবে ইনশাআল্লাহ।
মতামত