মদন পৌরসভার সড়ক কেটে চরম জনভোগান্তি
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ
মোঃ রাসেল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন পৌরসভার একটি নির্মিত সড়ক কেটে দেওয়ার ঘটনায় চরম জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল হকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (____) সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কোর্ট ভবন এলাকায় ভেকু মেশিন ব্যবহার করে সড়কটি কেটে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, মঞ্জুরুল হক নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে সড়ক কাটার কাজ তদারকি করেন। তিনি মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুরী) আসনে একাধিকবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৫ থেকে ৬ বছর আগে পৌরসভার উদ্যোগে কোর্ট ভবন এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সড়কটি ব্যবহার করে আসছিলেন। হঠাৎ সড়কটি কেটে দেওয়ায় স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের পর মঞ্জুরুল হক ওই এলাকায় তার মায়ের নামে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে সে পরিকল্পনা থেকে সরে এসে তিনি নির্মিত সড়কটি কেটে নেওয়ার চেষ্টা শুরু করেন। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক কাটার কাজ শুরু হলে স্থানীয় জনগণ ও আশপাশের জমির মালিকরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তবে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কাজ চালিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত মঞ্জুরুল হক বলেন,
“রাস্তাটি আমার ব্যক্তিগত জমির ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে। আমি একা জায়গা দেব না, অন্য জমির মালিকদেরও জায়গা দিতে হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে।”
মদন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী জামিল হাসান বলেন,
“পৌরসভা প্রায় ৫–৬ বছর আগে কোর্ট ভবন এলাকায় সড়কটি নির্মাণ করে। রাস্তা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।”
মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন,
“পৌরসভার নির্মিত সড়ক কাটার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নায়েবকে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করা হয়েছে।”
মতামত