হত্যা মামলার ১২৩ নম্বর আসামি ফেন্সি তাইজুল ধরাছোঁয়ার বাইরে: প্রশ্নের মুখে আইনশৃঙ্ঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক | সাভার
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত নাবী নুর মোড়লের হত্যা মামলার ১২৩ নম্বর এজাহারভুক্ত আসামি তাইজুল ইসলাম ওরফে ফেন্সি তাইজুল এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন—এমন অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ও পরিচয় পরিবর্তনের কৌশল ব্যবহার করে তিনি আইনের হাত এড়িয়ে চলছেন। এতে করে মামলার বাদী, সাক্ষী এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আন্দোলনে হামলা, গুলি ও মৃত্যু
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে সাভার বাজার রোডসংলগ্ন ওয়াপদা রোডের তিন রাস্তার মোড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই হামলায় সরাসরি জড়িত ছিলেন তাইজুল ইসলাম ওরফে ফেন্সি তাইজুল।
হামলার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাবী নুর মোড়ল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী আকলিমা বেগম সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে তাইজুল ইসলাম এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত হন।
প্রকাশ্যে চলাফেরা, তবু গ্রেপ্তার নেই
এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে চলাফেরা করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর ভাষ্য, তাকে নিয়মিত এলাকায় দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন,
“হত্যা মামলার আসামি যদি এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে কীভাবে?”
গ্রেপ্তার এড়াতে রাজনৈতিক পরিচয় বদলের অভিযোগ
অনুসন্ধানে উঠে এসেছে, আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন তাইজুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় পরিবর্তনের মাধ্যমে তিনি প্রভাব বিস্তার এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন।
এলাকাবাসীর মতে, এই পরিচয় বদলের বিষয়টি পরিকল্পিত এবং মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে।
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ?
সূত্র জানায়, বিগত সরকারের সময়ে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সঙ্গে ফুল দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাইজুল ইসলামকে দেখা যায়।
এছাড়া একজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত ইসলামের সঙ্গে পোস্টার ও লিফলেটের সৌজন্য দেওয়া ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বিভিন্ন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দীর্ঘদিন তিনি এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবেই পরিচিত ছিলেন।
বাদী ও সাক্ষীদের নিরাপত্তা ঝুঁকিতে
হত্যা মামলার আসামি প্রকাশ্যে থাকায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন মামলার বাদী ও সাক্ষীরা। তাদের আশঙ্কা, যে কোনো সময় হুমকি বা চাপের মুখে পড়তে পারেন।
একজন স্থানীয় ব্যক্তি বলেন,আসামি যদি বাইরে থাকে, তাহলে সাক্ষীরা কথা বলবে কীভাবে? ন্যায়বিচার পাওয়াই অনিশ্চিত হয়ে পড়ে।
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এই ঘটনায় স্থানীয়দের বড় প্রশ্ন—
এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে থাকার পরও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না?
কোন প্রভাব বা শক্তি তাকে আইনের বাইরে রাখছে?
এলাকাবাসীর জোর দাবি
এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে—হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে গ্রেপ্তার
নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিতদ্রুত বিচার কার্যক্রম শুরুবাদী ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানএই দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত