সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স সেবা কর্মবিরতির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
অ্যাম্বুলেন্স সেবা সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স সেবা কর্মবিরতি ও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ইং (রবিবার) সকাল ৬টা থেকে এ কর্মবিরতি কার্যকর হবে।
এ উপলক্ষে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সের সামনে ব্যানার টাঙিয়ে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ব্যানারে উল্লেখ করা হয়, অ্যাম্বুলেন্স সেবা বাণিজ্যিককরণ সংক্রান্ত নীতিমালা বাতিল বা সংশোধন না করা পর্যন্ত এবং নীতিমালা কার্যকর না হওয়া পর্যন্ত সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনকারীদের দাবি, বর্তমান নীতিমালার কারণে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে হাইওয়ে ও বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের হয়রানির কারণে জরুরি সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
এ কর্মসূচির আয়োজক বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি (কুমিল্লা জেলা শাখা)। সংগঠনের নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মবিরতির ফলে জরুরি চিকিৎসা সেবায় ভোগান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অ্যাম্বুলেন্স মালিকরা।
মতামত