নির্বাচনী আচরণবিধি মেনে দৃষ্টান্ত স্থাপন,নিজের পোস্টার নিজেই নামালেন সালাম মাদানী
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে নির্বাচনী প্রচারণায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে নিজের ব্যানার ও পোস্টার অপসারণ শুরু করেছেন।
১২ ই ডিসেম্বর শুক্রবার সকালে ছাতক শহরের বিভিন্ন পয়েন্টে এই দৃশ্য দেখা যায়। মাওলানা আব্দুস সালাম আল মাদানী নিজেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের প্রধান সড়ক ও অলিগলিতে লাগানো তার নিজের নাম ও দলীয় প্রতীক সম্বলিত পোস্টার নামিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত নির্বাচনের পরে বা আচরণবিধি ভঙ্গের নোটিশ পাওয়ার পর প্রার্থীদের পোস্টার সরাতে দেখা যায়। কিন্তু মাওলানা আব্দুস সালাম আল মাদানীর এমন স্বতঃপ্রণোদিত উদ্যোগ স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
সালাম মাদনী বলেন, নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।
একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারি হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনি দুই উপজেলার সব জায়গায় এসব প্রচার-প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।
সালাম মাদানী আরও বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।
তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনি আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।
মতামত