হাইওয়ে পুলিশের অভিযানে কাভার্ড ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক
জিয়াউর রহমান সাজন চুনারঘাট হবিগঞ্জ
॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে তল্লাশির সময় একটি কাভার্ড ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গভীর রাতে সিলেট–ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর পুলিশ ক্যাম্পের সামনে নিয়মিত চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করেন হাইওয়ে থানার তদন্ত ওসি সঞ্জয় চক্রবর্তী। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল থেকে ঢাকামুখী ঢাকা মেট্রো–ন–২৩-১৭৪৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ভ্যানের ভেতরে বস্তা ও পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেটে লুকানো গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। স্থানীয় লোকজনের উপস্থিতিতে কাভার্ড ভ্যান ও মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। আটক হওয়া চালক মো. ইউছুফ (৪৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লডাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, সিলেট–ঢাকা মহাসড়কে ভারতীয় চোরাচালান ও অবৈধ মাদক প্রতিরোধে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। এর আগেও বেশ কয়েক দফায় ভারতীয় চোরাই পণ্য উদ্ধার হয়েছে। এবারও মাদকসহ এক চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ইউছুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মতামত