কুমিল্লা-০৬ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে পূর্ব জোরকানন ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা
কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে পূর্ব জোরকানন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে এই পথসভা পরিচালনা করা হয়।
পথসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি মাঠে নেমেছে। জনগণের সমর্থনই আমাদের শক্তি। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন এবং পরিবর্তনের পক্ষে এগিয়ে আসুন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে নিজ নিজ এলাকার মানুষের সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পথসভায় বিভিন্ন স্তরের স্থানীয় জনগণ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন এবং বিএনপির প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।



মতামত