কুমিল্লা লালমাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্যাপিত
কুমিল্লার লালমাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে “জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫” উদ্যাপিত হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের মোট ৩০টি স্টল অংশ নেয়। উন্নত জাতের গরু ও ছাগল, দেশী-বিদেশী হাঁস-মুরগীর পোল্ট্রি, উন্নত জাতের কবুতর ও কোয়েল, ভেটেরিনারি মেডিসিন, তথ্য সেবা কেন্দ্র, ভ্যাকসিনেশন স্টলসহ বিভিন্ন জাতের খাবার ও মিষ্টান্ন স্টল প্রদর্শনীকে ছিল আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন লালমাই উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. ফাহমিদা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মো. আবদুর রহমান।
প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনকারী আজিজ ডেইরি ফার্মসহ অংশগ্রহণকারী মোট ২৪টি স্টলকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
প্রাণিসম্পদখাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও দেশীয় জাত সংরক্ষণে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


মতামত