কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সোমবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কলেজটির উচ্চ মাধ্যমিক শাখা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নেয়ামত উল্যা ভূঁইয়া।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।



মতামত