লালমাইয়ে সাংবাদিক নামধারী এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও হেনস্তার অভিযোগ
লালমাই (কুমিল্লা), প্রতিনিধি:-
লালমাই উপজেলার বিদেশফেরত সাংবাদিক নামধারী রিয়াজ মোর্শেদ মাসুদ—যিনি বর্তমানে নিজেকে মাসুদ আজম নামে পরিচয় দেন—তার বিরুদ্ধে একাধিক জায়গায় চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেলঘর দক্ষিণ ইউনিয়নে সরকারি চাউল বিতরণের তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলার সাংবাদিক মোহাম্মদ আবদুল মতিন হেনস্তার শিকার হন। পরে উপজেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি ২৫ হাজার টাকা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। তবে ভুক্তভোগী সাংবাদিক দাবি করেছেন, তিনি সমঝোতা টাকার মধ্যে ১৭ হাজার টাকা পেয়েছেন। বাকি টাকা রিয়াজ মোর্শেদ মাসুদ ও তার সাথে থাকা কয়েকজন নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ রয়েছে, রিয়াজ মোর্শেদ মাসুদ কখনও ‘সাংবাদিক’, কখনও ‘মাসুদ আজম’ পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন।
এ ছাড়া আলীশ্বর রেলস্টেশনের পাশে নূরানী মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, তাদের নিকট থেকে তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, অতীতে চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাসুদ আজম গণধোলাইয়ের শিকার হন এবং কারাভোগও করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও লালমাই থানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


মতামত