কুমিল্লা-৯ আসনে বিএনপির দুই নেতার ঐক্য: ধানের শীষের বিজয়ে একসাথে কাজের ঘোষণা
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে দীর্ঘদিনের গ্রুপিং ও মনোনয়ন নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সামিরা আজীম দোলা। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুর উপস্থিতিতে দুই নেতা নির্বাচনে একসাথে কাজ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার সন্ধ্যায় লাকসাম উপজেলার বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু।
তিনি বলেন, “পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দুই নেতাকে একসাথে কাজ করার জন্য বসেছি। তারা দু’জনই এখন থেকে ধানের শীষের বিজয়ের জন্য একসাথে মাঠে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “এখানে ব্যক্তিগত পরিচয়ের চেয়ে বড় পরিচয়—আমরা সবাই ধানের শীষের কর্মী। তাই আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বৈঠকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম এবং মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি মরহুম কর্নেল এম আনোয়ারুল আজীমের কন্যা সামিরা আজীম দোলা।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত