লালমাইয়ে প্রবাসী সেলিমের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে, স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগ
(নিজস্ব প্রতিবেদক)
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারিচৌঁ গ্রামে সৌদি প্রবাসী নারী খালেদা আক্তার (৩০) তাঁর স্বামী ও একই গ্রামের প্রবাসী সেলিম (৫৬)-এর বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে, স্বর্ণ ও টাকা আত্মসাতসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জুলাই সৌদি আরবে জোরপূর্বক বিয়ে হয় খালেদা আক্তার ও সেলিমের। নিকাহনামায় ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হলেও পরিশোধ করা হয় ৪০ হাজার টাকা। দাম্পত্য জীবনে তাদের ২২ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে, যার নাম সালেহ আহমেদ ওরফে তাকরিম। তিনি ২০২৪ সালের ১ এপ্রিল সৌদি আরবের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন।
৩২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণ আত্মসাতের অভিযোগ
ভুক্তভোগী খালেদা আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী সেলিম সৌদি আরবে অবস্থানকালীন সময় ৩২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণ হাতিয়ে নেয়। পরবর্তীতে সন্তানসহ ওই স্বর্ণ ও টাকা নিয়ে গত ২১ অক্টোবর ২০২৫ সালে বাংলাদেশে পালিয়ে আসে সেলিম।
খালেদা আক্তার জানান, সন্তান ও স্বর্ণ-টাকা ফেরত না পেয়ে তিনি ৯ নভেম্বর দেশে ফেরেন। এরপর স্থানীয়ভাবে সেলিমের পরিবার, গ্রামের সর্দার–মাতব্বর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি।
এরপর তিনি ১১ নভেম্বর কুমিল্লা জর্জ কোর্টে একটি মামলা এবং ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরো একটি মামলা দায়ের করেন।
দেহ ব্যবসা করতে চাপ ও নির্যাতনের অভিযোগ
খালেদা আক্তার দাবি করেন, সেলিম তাঁর মামা সম্পর্ক হলেও তাকে জোরপূর্বক বিয়ে করা হয়। বিয়ের পর নিয়মিত মারধর, মানসিক নির্যাতন ও দেহ ব্যবসা করতে চাপ দিতেন সেলিম। এ ঘটনায় সৌদি আরবেও একটি মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।
আরও অর্থ লেনদেনের অভিযোগ
খালেদা আক্তার জানান, দেশে ফেরার পর সেলিম তাঁর বাবা হাবিবুর রহমান ও চাচা কামাল হোসেনের মাধ্যমে ৫ লাখ টাকা ঋণ নেন। এছাড়াও তার ভাগিনা হাসানকে সৌদি নেয়ার কথা বলে সেলিমের ভাই মো. সাহেব ১ লাখ টাকা নেন। পরে ৪০ হাজার টাকা ফেরত দিলেও বাকি ৬০ হাজার টাকা এখনও পরিশোধ হয়নি।
হুমকির অভিযোগ সাংবাদিক জহিরুল ইসলামের বিরুদ্ধে
ভুক্তভোগী অভিযোগ করেন, ঘটনাটি জানাতে সেলিমের ভাই ও কালের কণ্ঠের লালমাই–সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. জহিরুল ইসলাম জহিরকে ফোন করা হলে তিনি তাকে ‘টুকরো টুকরো করে ফেলা’, গ্রাম ছাড়া করার হুমকি এবং নানা ভয়-ভীতি প্রদর্শন করেন।
গ্রামবাসীর সুষ্ঠু তদন্তের দাবি
দোশারিচৌঁ গ্রামের সর্দার মিলন মিয়াজী বলেন,
“সৌদি ফেরত খালেদা আক্তারের সঙ্গে যে অমানবিক নির্যাতন হয়েছে তা আমরা জেনেছি। তিনি দেশে ফিরে টাকা, স্বর্ণ ও ছেলেকে ফেরত পাওয়ার আবেদন জানিয়েছেন। সেলিম বাড়িতে না থাকায় বিষয়টি সমাধান সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী এখন মামাতো ভাইয়ের বাড়িতে আশ্রয়ে আছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি করছি।”
ন্যায়বিচারের জন্য আকুল আবেদন
টাকা, স্বর্ণ ও সন্তান ফেরত পেতে ভুক্তভোগী খালেদা আক্তার কুমিল্লার মান্যবর আদালত, জেলা প্রশাসক, পুলিশ সুপার, লালমাই উপজেলা প্রশাসন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত আইনি সহায়তা কামনা করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়।
মতামত