ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ৫০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) মানবকল্যাণ পরিষদ চত্বরে কেয়ার এক্রোস কমিউনিটিস (সিএসি)-এর সহযোগিতায় এবং হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে স্কুলব্যাগ, কলমের বাক্স, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, রঙিন পেন্সিল, চিত্রাঙ্কন খাতা, ছাতা ও জ্যামিতি বক্স দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ৫ কেজি চাল, ১২ প্যাকেট নুডলস, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সুজি ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশুদের পড়াশোনায় উৎসাহিত করা, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থী চার্লস ট্রুডু বলেন, “সামনে আমাদের বড়দিন। তার আগমুহূর্তে এমন উপহার পেয়ে খুব ভালো লাগছে।”
অন্য শিক্ষার্থী আনন্দিতা কেকরী বলেন, “উপহারগুলো পেয়ে মনে হচ্ছে স্বপ্নের সান্তা ক্লজ উপহারগুলো দিয়ে গেছেন।”
এক শিক্ষার্থীর অভিভাবক সুরমি বলেন, “এর আগে কখনোই এত জিনিস একসঙ্গে পাব, তা কল্পনাও করিনি। আমার মেয়ে নতুন ক্লাসে উঠবে। ব্যাগসহ সব উপহার পেয়ে খুব ভালো লাগছে। আমাদের অনেক উপকার হলো। আয়োজকদের ঈশ্বর ভালো রাখুন।”
অনুষ্ঠানে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় এবং শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। কেয়ার এক্রোস কমিউনিটিস (সিএসি)-এর সহযোগিতায় আজ শিশুদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের মূলধারায় এগিয়ে নিতে শিক্ষা উপকরণের পাশাপাশি খাদ্য সহায়তাও অত্যন্ত জরুরি। স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন সফল হয়েছে। সমাজের সামর্থ্যবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
এ সময় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি মো. নূরে আলম শাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “শিক্ষা উপকরণের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাওয়ায় পরিবারগুলো বড় ধরনের স্বস্তি পাবে। সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ শিশুদের স্বপ্নপূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
এ ছাড়া হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক জানাতুল ফেরদৌসসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ইসমিতা, বর্না, সুমি, লিজা, শ্রাবণ ও অন্যরা উপস্থিত ছিলেন।
মতামত