তরুণরাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তাদের সেই সক্ষমতা ও নেতৃত্বের বিকাশের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। তরুণরা যেন সামাজিক সমস্যা চিহ্নিত ও সমাধানের নতুন ধারণা নিয়ে কাজ করতে এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। এসব উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে তাদের প্রশিক্ষণ, পরামর্শ, অর্থায়ন ও সহযোগিতার সুযোগ তৈরি করা প্রয়োজন।
শনিবার (২৮ নভেম্বর) সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাকের উদ্যোগে ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নিয়েছেন। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি রয়েছে মতবিনিময়, আলোচনা, কর্মশালাসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ তরুণদের উদ্দেশে বলেন, শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি, কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।
নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ সালেহ্ বলেন, জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। এমনকি দেশের বাইরে থেকেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তার মতে, একটি কমিউনিটি গড়ে ওঠে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও দায়িত্ববোধ থেকে। সেখানে শুধু নিজের মতের মানুষের সঙ্গে নয়, ভিন্নমত পোষণকারীদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হয়। কেউ ব্যর্থ হলে তাকে ছোট না করে আবার উঠে দাঁড়ানোর সাহস জোগাতে হয়।
আমরা নতুন নেটওয়ার্ককে এমন একটি কমিউনিটিতে পরিণত করার প্রত্যাশা জানিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, ব্র্যাক তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কাজের প্ল্যাটফর্ম দিচ্ছে। কিন্তু পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই। দেশের বিভিন্ন জেলার তরুণরা যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সেই উদ্যোগ নিতে হবে তাদের।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান। তিনি বলেন, ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও চেঞ্জমেকার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছে। বর্তমানে সারাদেশে এ নেটওয়ার্কের প্রায় ৩ হাজার অ্যালামনাই রয়েছেন, যা আগামী বছরের শেষ নাগাদ ৬ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে ব্র্যাকের বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক উদ্যোগের পরিসর বাড়াতে চায় ব্র্যাক।
আমরা নতুন নেটওয়ার্কের পথচলা, বিকাশ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপস্থাপনা দেন ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান। তিনি বলেন, বাংলাদেশে রয়েছে হাজারো সমস্যা। আমাদের তরুণেরাই এর সমাধান করবে। তরুণদের এই উদ্যোগ যেন প্রাতিষ্ঠানিকভাবে হয়, সেই লক্ষ্যেই কাজ করছে এএনএন।
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল আমরা নতুন নেটওয়ার্কের তরুণ চেঞ্জমেকারদের নেতৃত্বে পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী। স্থানীয় সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণরা নিজ নিজ কমিউনিটির সঙ্গে যৌথভাবে যেসব পণ্য, সেবা ও সমাধান তৈরি করেছেন, সেগুলো প্রদর্শনীতে তুলে ধরা হয়। এ বছর সামাজিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করা মোট ১০টি কমিউনিটি প্রকল্প আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হয়েছিল।
চূড়ান্ত পর্বে মনোনীত ১০টি প্রকল্পের মধ্য থেকে সৃজনশীলতা, সমাজে ইতিবাচক পরিবর্তন ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখার সম্ভাবনা ও স্বীকৃতি হিসেবে তিনটি অসাধারণ উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
পুরস্কার বিজয়ী তিনটি উদ্যোগের মধ্যে ছিল, চা-বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ ও নথিবদ্ধ করার উদ্যোগ টি কমিউনিটি কালচার প্রিজারভেশন, ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ কানন এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবিকার সুযোগ সৃষ্টির উদ্যোগ শুন্য। চেঞ্জমেকার অ্যাওয়ার্ড বিজয়ীরা পাচ্ছেন ব্র্যাকের সোশ্যাল এন্টারপ্রেনার্স ফেলোশিপ।
তরুণরা কীভাবে সম্ভাবনাময় ধারণাকে কার্যকর ও টেকসই সামাজিক উদ্যোগে রূপ দিতে পারেন তা নিয়ে সেশন পরিচালনা করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির হেড অব এন্টারপ্রাইজ ইনকিউবেশন অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস ইয়াশনা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের প্রোগ্রাম ম্যানেজার আব্দুল কাদির। অ্যালামনাই আলোচনায় অংশ নেন আমরা নতুন নেটওয়ার্কের অ্যালামনাই বিথী আক্তার। আমরা নতুন নেটওয়ার্কের একটি থিমভিত্তিক অডিওভিজ্যুয়াল প্রেজেন্টেশন দেখানো হয়।
আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পপুলার থিয়েটার দলের পরিবেশনায় নাটক ও পাপেট শো। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এএনএন-এর তরুণ সদস্যদের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও শিল্পী মিফতাহ জামানের মনোমুগ্ধকর সংগীত উপভোগ করেন তরুণ-তরুণীসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এবারের আয়োজনের প্রতিপাদ্য, একতায় গড়ি আগামী, যা সুন্দর আগামীর পথ নির্মাণে তরুণ নেতৃত্ব ও বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।
২০১৮ সালে যাত্রা শুরু করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করছে। প্রশিক্ষণ, পরামর্শ এবং নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই এর লক্ষ্য। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এএনএন উদ্যোগের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। নেটওয়ার্কের অ্যালামনাইরা এখন পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।
আয়োজনের শেষ দিন ২৯ নভেম্বর (রবিবার) থাকছে মানসিক সুস্থতা, আন্তঃপ্রজন্ম সংলাপ, প্যানেল আলোচনা, ক্যারিয়ার বিষয়ক মতবিনিময়, অনুপ্রেরণামূলক আলোচনা। এসব সেশনে তরুণ চেঞ্জমেকাররা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সংযোগ জোরদার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার নতুন পথ খুঁজে নেওয়ার সুযোগ পাবেন।
মতামত