চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের একটি বগিতে আগুন লেগে দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল সূত্র জানায়, মেঘনা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৫টায় চাঁদপুর থেকে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় রওনা হয়ে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, ট্রেনটি কোর্ট স্টেশনে পৌঁছে শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। ট্রেনের কর্মী, যাত্রী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। ফলে আগুন ছড়াতে পারেনি, বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ক্ষতিগ্রস্ত বগি পরিদর্শন করে।
মতামত