সরকারি দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম থেকে সার পরিবহন করে ফেরার পথে মাদারীপুরের রাজৈরে বিআরটিসির এক ট্রাকচালক ও তাঁর ভাইয়ের ওপর হামলা, মারধর, সরকারি রাজস্বের ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই এবং সরকারি ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে রাজৈর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রাজৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত ২১ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে রাজৈর পৌরসভার টেকেরহাট উত্তরপাড় এলাকার বেইলি ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে। পাঁচ দিন পর ২৬ নভেম্বর রাজৈর থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) সূত্রে জানা যায়, বাদী মো. আলামিন মোল্লা (৩৪) সরকারি বিআরটিসির একজন ট্রাকচালক। তাঁর বাড়ি খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামে। গত ২১ নভেম্বর তিনি তাঁর ভাই সোয়াইব মোল্লাকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের আনোয়ারা ইউরিয়া সার কারখানা থেকে সার বোঝাই করে বরিশাল বাফার গুদামে পৌঁছে দেন। সার খালাস শেষে তাঁরা পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে রাজৈর থানাধীন টেকেরহাট উত্তরপাড় সংলগ্ন বেইলি ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৮৩৩৯) তাঁদের চালিত বিআরটিসির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪১৯) ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে সরকারি ট্রাকটির সামনের ক্যাচিং ও লুকিং গ্লাস ভেঙে যায়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, দুর্ঘটনার পর অপর ট্রাকের লোকজন নেমে আলামিন ও তাঁর ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মো. আঃ হক (৫০) ও সাকিব (২৮)-সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন তাঁদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালান। এ সময় লাঠিসোঁটা, লোহার রড, হাতুড়ি, ছ্যানদা ও ছোরা দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় দুই ভাই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। একপর্যায়ে হামলাকারীরা আলামিনের কাছে থাকা সরকারি রাজস্বের নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং বিআরটিসির ট্রাকের সামনের গ্লাস ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাদী এজাহারে উল্লেখ করেন, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা এবং পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার কারণে মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মামলাটি রেকর্ড করেন। এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৩৭৯/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মো. ইউনুচ মোল্লাকে।
সরকারি দায়িত্ব পালনরত একজন চালকের কাছ থেকে সরকারি রাজস্বের অর্থ ছিনিয়ে নেওয়া এবং সরকারি যানবাহন ভাঙচুরের অভিযোগে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মতামত