কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন।
সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৪ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় নিজ বসতঘর থেকে জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ রফিককে (২৬) গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ রফিক ২২ নম্বর ক্যাম্পের এ/৪ ব্লকের বাসিন্দা। তিনি মোস্তাক আহমদের ছেলে। তাঁর বিরুদ্ধে টেকনাফের জিআর মামলা নম্বর ৯০৮/২১-এর আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় আদালত এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ৮ এপ্রিল সাজা ওয়ারেন্ট জারি করা হয়েছিল।
পরবর্তীতে গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এপিবিএনের এসকর্টের মাধ্যমে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার: ১ জন।
মতামত