নওগাঁর নিয়ামতপুরে দিনে দুপুরে বসতবাড়ির তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের বাসিন্দা সুশীল শিকদার পরিবারের সদস্যদের নিয়ে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে আকন্দপুর গ্রামে যান। এ সময় তাঁর বসতবাড়ি তালাবদ্ধ ছিল। বিকেলে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, বাড়ির প্রবেশপথসহ কয়েকটি কক্ষের দরজার তালা ভাঙা। পরে ঘরের স্টিলের আলমারির সিন্দুক থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা এবং ব্যবসার নগদ ৮ লাখ টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা করেন। মামলা নম্বর ১১, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫। মামলাটির ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড। থানা পুলিশ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে নির্দেশ দেন।
পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আসাদুজ্জামান তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেপ্তার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণের ক্রেতা বিশ্বকর্মা জুয়েলার্সের স্বত্বাধিকারী দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে টিটুর দেখানো মতে তাঁর শয়নকক্ষ থেকে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে টিটুসহ তাঁর দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যান। পরে তাঁরা চুরি করা মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেন। টিটু তাঁর ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে রাখেন। পরে নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। দিলীপ স্বর্ণ গলিয়ে বিভিন্ন গহনা তৈরি করে বিক্রি করেছেন বলে তদন্তে জানা গেছে।
গ্রেপ্তার তিন আসামি আদালতে নিজেদের এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকার অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
মতামত