কিছু মানুষ আছেন, যাঁদের জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের পরিমাপে আবদ্ধ থাকে না, তাঁদের কর্ম, চিন্তা, আদর্শ ও অবদান ছড়িয়ে পড়ে বহু মানুষের জীবনে। তাঁরা নিজেদের অর্জনের চেয়ে বড় করে দেখেন একটি স্বপ্নকে জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন। শিক্ষা, ধর্মীয় অনুশাসন, সাংগঠনিক দক্ষতা এবং মানুষ গড়ার নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে যাঁরা এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ করেন, আ.খ.ম. আবুবকর সিদ্দীক তাঁদেরই একজন। তিনি দারুননাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আলা। দীর্ঘ শিক্ষকতা, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও ধর্মীয়-সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ ও সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দীক ১৯৬৩ সালের ৩ সেপ্টেম্বর বরগুনা জেলার বেতাগী উপজেলার গ্রেদলক্ষীপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা আব্দুল গনি এবং মাতা মরহুমা মরিয়ম খানম। ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার আবহে তাঁর বেড়ে ওঠা। শৈশব থেকেই জ্ঞানার্জনের প্রতি আগ্রহ এবং ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগ তাঁর জীবনচলার ভিত নির্মাণ করে।
গ্রেদলক্ষীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর তিনি রহমতপুর আলিম মাদ্রাসা, উত্তর তালগাছিয়া ফাযিল মাদ্রাসা এবং ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। দাখিল পরীক্ষায় ১৯৮৩ সালে, আলিমে ১৯৮৫ সালে, ফাযিলে ১৯৮৭ সালে এবং ১৯৮৯ সালে কামিল হাদিস পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উচ্চতর জ্ঞানচর্চার আকাঙ্ক্ষা তাঁকে নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়ন করেন এবং ১৯৯৫ সাল পর্যন্ত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন। ধর্মীয় শিক্ষার গভীরতা ও বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত জ্ঞানচর্চা তাঁর চিন্তার জগৎকে সমৃদ্ধ করে।
তাঁর শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আধ্যাত্মিক সাধনা ও পীর-মাশায়েখের সান্নিধ্য। ছারছিনার পীর আল্লামা মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ (রহ.)-এর কাছে তিনি আধ্যাত্মিক দীক্ষা ও অনুপ্রেরণা লাভ করেন। পরবর্তী সময়ে শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ (রহ.)-এর সান্নিধ্যেও সময় কাটান। বর্তমানে ছারছিনা দরবারের গদ্দিনশীন পীর আবু নাসর নেছার উদ্দীন আহমদ হোসাইনের কাছ থেকেও আধ্যাত্মিক শিক্ষা ও মশকের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাঁর জীবনে এই সাধনামুখী শিক্ষার প্রভাব কেবল ব্যক্তিগত অনুশীলনে সীমাবদ্ধ নয়, বরং দায়িত্ববোধ, আত্মসংযম ও নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষাজীবনেই তাঁর সাংগঠনিক প্রতিভার প্রকাশ ঘটে। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি হিসেবে ১৯৯০–৯১ মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবনের এই নেতৃত্বের অভিজ্ঞতা পরবর্তী সময়ে তাঁর সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সহায়ক হয়ে ওঠে। শিক্ষকদের সান্নিধ্যও তাঁর জ্ঞান ও মনন গঠনে বিশেষ ভূমিকা রেখেছে। আল্লামা নিয়ায মাখদুম খোতানী, শরীফ মুহাম্মাদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব খান, মুফতি আ.ম.ম. আহমাদুল্লাহ, মুফতি মুহা. মুস্তফা হামীদি, মাওলানা মুহা. আমজাদ হোসাইন, মাওলানা মুহাম্মাদ রেদওয়ানুল করীম এবং মাওলানা ড. কাফিলুদ্দীন সরকার সালেহীর মতো আলেম ও শিক্ষকদের কাছ থেকে তিনি জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন।
তাঁর কর্মজীবনের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে জড়িয়ে আছে দারুননাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার নাম। প্রতিষ্ঠানটির যাত্রার সূচনা ১৯৯০ সালের জানুয়ারিতে। আলহাজ্ব মৌলভী নূরুল হকের উদ্যোগে হুসাইনিয়া জামে মসজিদের মক্তব স্থানান্তরের মধ্য দিয়ে যে শিক্ষাপ্রয়াসের সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়। এই প্রতিষ্ঠানের বিকাশের সঙ্গে আবুবকর সিদ্দীকের শ্রম, নিষ্ঠা ও নেতৃত্ব গভীরভাবে সম্পৃক্ত। ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষাকার্যক্রম এগিয়ে নিতে আত্মনিয়োগ করেন। সামান্য পরিসর, সীমিত জনবল ও আর্থিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে শুরু হওয়া পথচলা আজ যে বিস্তৃত শিক্ষাঙ্গনে রূপ নিয়েছে, তার পেছনে রয়েছে বহু মানুষের সম্মিলিত শ্রম, সেই ধারার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ও পথপ্রদর্শক তিনি।
প্রতিষ্ঠানটির একাডেমিক অগ্রযাত্রাও উল্লেখযোগ্য। ১৯৯২ সালে দাখিল, ১৯৯৪ সালে আলিম, ১৯৯৬ সালে ফাযিল এবং ২০০৪ সালে কামিল স্তরের পাঠদানের স্বীকৃতি ও কার্যক্রম যুক্ত হয়। পরবর্তী সময়ে ২০১০ সালে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ২০১৬ সালে ফিকহ বিভাগ, ২০১৭ সালে কামিল মাস্টার্স এবং ২০১৮ সালে তাফসির বিভাগ যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষার পরিসর আরও বিস্তৃত হয়। ধারাবাহিক এই অগ্রগতি কেবল পাঠ্যক্রমের সম্প্রসারণ নয়, বরং ধর্মীয় শিক্ষাকে প্রাতিষ্ঠানিক উৎকর্ষের সঙ্গে যুক্ত করার একটি দীর্ঘ প্রয়াস।
একজন শিক্ষাপ্রশাসকের দায়িত্ব শুধু পাঠদান বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয়। একটি প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শৃঙ্খলা, নৈতিকতা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণেও তাঁকে ভূমিকা রাখতে হয়। আবুবকর সিদ্দীকের কর্মজীবনে এই বহুমাত্রিক দায়িত্বের প্রতিফলন দেখা যায়। তিনি নিজে পাঠদান করেন এবং সহিহ বুখারি ও জামে তিরমিযির মতো গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থের দরস প্রদান করেন। জ্ঞানচর্চার এই প্রত্যক্ষ সংযোগ তাঁকে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি শিক্ষকসত্তার সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত রেখেছে।
দারুননাজাতের কার্যক্রমের বিস্তৃতি ঘটেছে সময়ের সঙ্গে। মূল প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে উঠেছে দারুননাজাত মহিলা মাদ্রাসা, দারুননাজাত নেছারিয়া হিফজখানা, ছালেহিয়া এতিমখানা, দারুননাজাত তাখসীসি মাদ্রাসা, দারুননাজাত মাদ্রাসা কিতাব বিভাগ এবং দারুননাজাত হিফজুল কুরআন একাডেমি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ শিক্ষা, ধর্মীয় জ্ঞান, কুরআন হিফজ, উচ্চতর ধর্মীয় অধ্যয়ন এবং এতিম শিশুদের শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ বিস্তৃত হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন বহুমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা ও অবিচল শ্রমের পরিচায়ক।
প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সংগঠনের কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আলা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও ভূমিকা গুরুত্বপূর্ণ। ছাত্রজীবনের নেতৃত্ব থেকে শুরু করে দীর্ঘ কর্মজীবনের সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে দায়িত্ব পালনে পরিণত করেছে।
জ্ঞানচর্চা ও অভিজ্ঞতার আলোকে লেখালেখিতেও তাঁর আগ্রহ রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে আল্লামা নিয়ায মাখদুম খোতানীর জীবনী, ‘জীবনের পাথেয়’ সিরিজের প্রথম থেকে চতুর্থ খণ্ড এবং ‘শিখর থেকে শিখরে’। এসব গ্রন্থে জীবনী, নৈতিক শিক্ষা, জীবনবোধ ও অনুপ্রেরণামূলক ভাবনার প্রতিফলন ঘটেছে। শিক্ষকতার পাশাপাশি লেখালেখির এই প্রয়াস তাঁর জ্ঞান ও অভিজ্ঞতাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।
তাঁর ব্যক্তিত্ব ও শিক্ষাদর্শ সম্পর্কে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণও বিশেষ তাৎপর্য বহন করে। বিশিষ্ট ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী দারুননাজাতে অধ্যয়নকালে প্রায় সাত বছর তাঁর প্রত্যক্ষ সান্নিধ্যে থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন। আবুবকর সিদ্দীককে তিনি ‘Unparalleled Personality’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর স্মৃতিচারণে উঠে এসেছে কথা ও কাজের মধ্যে ভারসাম্য, নেতৃত্বের দৃঢ়তা, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রিন্সিপালের বিশেষ মনোযোগ। শিক্ষার্থীদের প্রতি তাঁর নসিহত, শিক্ষাসফরে স্নেহপূর্ণ আচরণ এবং তাহাজ্জুদের সময় তাঁদের জন্য দোয়া করার বিষয়টিও আজহারীর স্মৃতিতে বিশেষভাবে স্থান পেয়েছে। একজন শিক্ষকের প্রকৃত প্রভাব যে শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ থাকে না, বরং শিক্ষার্থীর মনন, মূল্যবোধ ও জীবনদর্শনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায় এই স্মৃতিচারণ তারই একটি উদাহরণ।
১৯৯৩ সালে তিনি ফয়রা দরবারের পীর আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুসের দ্বিতীয় কন্যাকে বিবাহ করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্রসন্তানের জনক তানভীর আহমদ ও তাওকীর আহমদ। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি পরিবারও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ পরিসর।
আবুবকর সিদ্দীকের জীবনকে এক বাক্যে সংজ্ঞায়িত করা কঠিন। তাঁর পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষকতা, উচ্চতর ধর্মীয় জ্ঞানচর্চা, আধ্যাত্মিক অনুশীলন, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, সাংগঠনিক দায়িত্ব এবং লেখালেখি। তবে এসব পরিচয়ের কেন্দ্রে রয়েছে মানুষ গড়ার প্রত্যয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ভবন, শ্রেণিকক্ষ কিংবা পাঠ্যক্রমের সমষ্টি নয়, এর প্রাণ হলো শিক্ষক, শিক্ষার্থী, জ্ঞানচর্চা ও নৈতিক পরিবেশ। সেই প্রাণকে সচল রাখার জন্য প্রয়োজন দূরদর্শিতা, ধৈর্য, দায়িত্ববোধ এবং নিরবচ্ছিন্ন শ্রম। তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা অধ্যায়ে এই গুণগুলোর প্রকাশ ঘটেছে।
সময়ের সঙ্গে প্রতিষ্ঠান বড় হয়, শিক্ষার্থীর সংখ্যা বাড়ে, পাঠ্যক্রম বিস্তৃত হয়, কিন্তু একটি শিক্ষাঙ্গনের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার্থীরা কতটা জ্ঞানী, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হয়ে উঠছে, তার ওপর। আবুবকর সিদ্দীকের কর্মপ্রচেষ্টার মূল্যায়নেও এই বিবেচনাই গুরুত্বপূর্ণ। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের শিক্ষক, আলেম ও শিক্ষাপ্রশাসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকুক। মহান আল্লাহ তাঁর ইলম, আমল, সময় ও কর্মে বরকত দান করুন, সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন এবং দ্বীন, শিক্ষা ও মানবকল্যাণে তাঁর অবদান কবুল করুন এই প্রার্থনা।
লেখক কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়,কায়রো,মিশর
মতামত