নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এ ঘটনা ঘটে। এতে শাখাটির কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এলাকাবাসীর ভাষ্য, দুর্বৃত্তরা ব্যাংকের শাখা লক্ষ্য করে অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তা নিভিয়ে ফেলেন।
ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি শব্দ শুনতে পান। পরে পোড়া গন্ধ বের হলে গেট খুলে বাইরে এসে আগুন দেখতে পান। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।
জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোবাইলঃ ০১৭১৬৪৭০০০৩
মতামত