‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
উত্তেজনাপূর্ণ ফাইনালে বীরগঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের নারগুন ফুটবল দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে নারগুন দল। অন্যদিকে, লড়াই করেও সমতা ফেরাতে পারেনি বীরগঞ্জ।
যুব সংসদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ঠাকুরগাঁও জজ আদালতের পিপি মো. আব্দুল হালিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ হাসান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক লোকায়নের প্রকাশক ও সম্পাদক এবং যুব সংসদের আহ্বায়ক মো. সাকেরউল্লাহ।
মতামত