পাকিস্তান নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতাহ-৩-এর সফল পরীক্ষা চালিয়েছে। অত্যাধুনিক নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
বুধবার পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে পরীক্ষার সফলতার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি বলেছে, ফাতাহ-৩-এর এই পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রে অত্যাধুনিক নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর ফলে এটি সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চমাত্রার নির্ভুলতা ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে আঘাত হানতে পারবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঘাত হানার পাল্লাও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করবে। এর মাধ্যমে দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হবে।
পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
ফাতাহ-৩-এর সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে এই অর্জনের পেছনে কাজ করা সংশ্লিষ্ট কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তাঁরা।
এর আগে গত ১৩ অক্টোবর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর)-এর সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর বিবৃতিতে তখন জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র: জিও নিউজ।
মতামত