শরৎকাল শেষ হয়ে হেমন্তের মাঝামাঝি সময়ের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। ভোরের হালকা শীত ও দূর্বাঘাসের ডোগায় শিশির পড়তে শুরু করেছে। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে খেজুরগাছ ঝোড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামীণ গাছিরা। হেমন্ত, শীত ও বসন্ত এই তিন ঋতুতে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হয়। খেজুরের রস দিয়ে তৈরি হয় পাটালি ও তরল গুড়। এছাড়াও সকালে গাছ থেকে হাঁড়ি নামিয়ে তাজা খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায় খেজুর গাছের গোড়া ও গাছির বাড়ীতে। খেজুরের রস ও গুড় দিয়ে পিঠা-পুলি ও পায়েসসহ নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করে গ্রামাঞ্চলের নারীরা।
রাজবাড়ীর বালিয়াকান্দি, কালুখালী, রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ির আশপাশে, পুকুরপাড়ে, রাস্তার পাশে ও বিভিন্নস্থানে অসংখ্য খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যেই ঝোড়ার কাজ শুরু হয়েছে। আর ১০ থেকে ১৫ দিন পর খেজুরগাছে হাঁড়ি লাগিয়ে রস সংগ্রহ শুরু হবে। তাই আগেভাগেই গাছ ঝুড়ে রস সংগ্রহের উপযোগী করে তোলা হচ্ছে।
রস সংগ্রহ শুরু হলে জেলার এসব উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠবে খেজুরের পাটালি ও তরল গুড়ের বেচাকেনা। জেলার বালিয়াকান্দি, বহরপুর, জামালপুর, নারুয়া, পাংশা, হাবাসপুর, মাছপাড়া, মৃগী, লাড়ীবাড়ী, কসবামাঝাইল, বিকয়া, রাজবাড়ী, বসন্তপুর, কোলারহাট, উদয়পুর, বানিবহ, মাটিপাড়া, খানখানাপুর, আহলাদীপুর, কুটিরহাট, সোনাপুর হাট-বাজারে খেজুরের পাটালি ও তরল গুড়ের বেচাকেনা বেশি হয়ে থাকে। এছাড়াও উপজেলাগুলোর বিভিন্ন হাট-বাজারেও পাওয়া যায় খেজুরের পাটালি ও তরল গুড়।
খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে একদিকে যেমন গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন, অন্যদিকে শীতের ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও নানা রকম মুখরোচক খাবারের অপেক্ষায় রয়েছেন গ্রামবাংলার নারী পুরুষ।
বালিয়াকান্দি উপজেলার দিলালপুর গ্রামের হাবিবুর রহমান বলেন, আমার ১০ - ১২টি খেজুরগাছ আছে। প্রতিটি খেজুরগাছ ঝোড়ার কাজে গাছিকে ১৭০ টাকা করে মজুরি দিতে হয়েছে। এখন পুরোদমে চলছে খেজুরগাছ ঝোড়ার কাজ। যারা খেজুরগাছ ঝোড়ার কাজ করে তাদেরকে গাছি বলা হয়।
উদয়পুর গ্রামের আজিজুল ইসলাম বলেন, "আমার ক্ষেতের আশপাশ দিয়ে ৩০ - ৩৫ টি খেজুর গাছ রয়েছে। আমি গাছিদের নিকট রস ও গুড়ের উপর দিয়ে দিয়েছি। তিন দিনের পাটালি ও গুড় গাছিরা নিয়ে নিবে আর একদিনেরটা আমাকে দিবে। এর মাঝে আমার কোনো প্রকার খরচ নেই। তবে প্রতি দিন সকালে গাছিদের কাছে তাঁজা রস খেতে বিভিন্ন এলাকা থেকে ভোজন রসিক যুবকরা রস খেতে ভির জমায়।"
জামালপুরের খোরশেদ আলম বলেন, "আগে আমাদের অনেক খেজুর গাছ ছিলো। ইটের ভাটায় জ্বালানি হিসেবে পুড়িয়ে ফেলায় এখন অল্প কিছু গাছ আছে। এলাকার গাছিরা এখন আর আগের মতো গাছ ঝোড়েনা বিধায় বাইরে থেকে আসা গাছিদের নিকট দিয়ে দিতে হয়েছে। তাদেরকে মিটিয়ে দিয়েছি। তারা যে পাটালি ও তরল গুড় দিবে সেটা দিয়ে পরিবারের পিঠা -পুলি খাওয়ার কাজ চলে যাবে।"
মতামত