কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছন থেকে এক রোহিঙ্গা যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয় বালুখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তবে এই মরদেহের পরিচয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হলে বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রচারিত সংবাদ এর সূত্র ধরে নিশ্চিত হওয়া গেল ওই যুবতীর মরদেহ উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পের ৯ নং ব্লকের নুরুল আলমের যুবতী কন্যা ইসমত আরার।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ ঘটনায় মরদেহের মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।
মতামত