নওগাঁর পোরশা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার কালিনগর কাতেপুর স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৯৭ জন শিক্ষক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।৷
নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন শিশা উচ্চ বিদ্যালয়ের মোঃ শহিদুল ইসলাম, মিসিরা বালিকা বিদ্যালয়ের মোঃ নুরুন্নবী এবং বড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের ময়েছ উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সমনগর উচ্চ বিদ্যালয়ের শাহ হোসেন চৌধুরী, নিতপুর পিঙ্কু বালিকা বিদ্যালয়ের শহিদুল ইসলাম এবং গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়ের আহসান হাবিব। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির আরও সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে শাহ হোসেন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বাচ্চু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। তাঁকে সহযোগিতা করেন মহাডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আগামী তিন বছরের জন্য নির্বাচিত নতুন নেতৃত্ব মাধ্যমিক শিক্ষকদের পেশাগত অধিকার, স্বার্থ ও কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
মতামত