নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসানের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সঙ্গে কানিজ ফাতিমার বিয়ে হয়। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখী দাম্পত্য জীবনের আশায় সৌদি আরবপ্রবাসী বাবা আবুল কালাম জামাতার চাকরিসংক্রান্ত বিষয় থেকে শুরু করে সংসারের আসবাবপত্র ও প্রয়োজনীয় চাহিদা পূরণে নিজের সাধ্যমতো সবকিছু করেছেন। কিন্তু এরপরও কানিজের ওপর যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
নিহতের পরিবারের অভিযোগ, চট্টগ্রামে কর্মরত অবস্থায় আশিক স্ত্রীর প্রতি অবহেলা করতে শুরু করেন। একপর্যায়ে কানিজ জানতে পারেন, ফরিদপুরের এক নারীর সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই নারীকে ধর্মবোন পরিচয় দেওয়া হলেও আশিকের মোবাইল ফোনে তাদের অন্তরঙ্গ কিছু ছবি দেখতে পান কানিজ। বিষয়টি নিয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ পরিবারের।
স্বজনদের দাবি, চলতি সপ্তাহে ছুটিতে বাড়িতে আসেন আশিক হাসান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কানিজের মৃত্যুর খবর পান তার স্বজনরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত কানিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কানিজের পরিবারে শোকের মাতম চলছে। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সৌদি আরবপ্রবাসী বাবা আবুল কালাম। স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক জানান, গৃহবধূর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত