প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার কমিশনে পাঁচটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে অভিযোগ নিষ্পত্তির কার্যক্রমে গতি আনতে কাজ করছে কমিশন।
শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।
মতামত