খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন দুই যুবক। এ ঘটনায় করা মামলার বিচার এক দিনেই শেষ করে তাঁদের আট মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬)।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানাপ্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে রাখা ছিল। গত রোববার সাতক্ষীরায় খাদ্য নমুনা পরীক্ষার কর্মসূচি থাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে গাড়িটি খুলনা সার্কিট হাউসে নেওয়ার প্রস্তুতি নিতে গ্যারেজে যান চালক।
সেখানে গিয়ে তিনি গ্যারেজের ভেতর মানুষের কথাবার্তা শুনতে পান। বিষয়টি নিরাপদ খাদ্য কর্মকর্তাকে জানালে তিনি সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। পরে গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী ও সিএসডির কর্মচারীরা মিলে রমজান ও গোলাম রসুলকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি পরীক্ষা করে দেখা যায়, এর বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক খুলে ফেলা হয়েছে। এ ছাড়া গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্সও খুলে এক জায়গায় রাখা হয়েছিল।
আটকের পর দুজনকে খালিশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় শনিবার রাতেই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ বলেন, ‘রোববার দুপুর ১২টার দিকে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালতে পাঠানো হয়। একই দিন বিকেল তিনটার দিকে সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে মামলার বিচার শেষ হয়। আদালত তাঁদের প্রত্যেককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।’
মতামত