মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাত ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে আরও দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দসহ এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।
অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মকছেদুল আমিন, ফুলবাড়ী প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন চিকিৎসক মো. বাদল মিয়া, থানা-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের লাইফ কেয়ার ফার্মেসিকে ২ হাজার, সাগির ফার্মেসিকে ২ হাজার, খোতেজা ফার্মেসিকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসিকে ২ হাজার টাকা, নিমাই ফার্মেসিকে ৩ হাজার, কাজি ফার্মেসিকে ২ হাজার এবং জীবন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে শহরের ডুঙ্গির হোটেলে অভিযান চালিয়ে অপরিস্কার ভাবে খাদ্য সুমুগ্রী রাখার দায়ে হোটেল মালিক উজ্জল মহন্তকে ২ হাজার টাকা ও মুদি কোদানদার আশরাফুলের ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ফার্মেসিগুলোতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রবণতা দেখা গেছে। একারণে জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া খাবারের দোকান ও মুদি দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত