জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে বিএনপির অনীহা ও রাজনৈতিক গড়িমসি ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্যকে দুর্বল করে তুলছে। জাতীয় ঐক্যে বিভক্তি ও অবিশ্বাসের সুযোগে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন আয়োজিত তৃণমূল নেতাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে আগুন সন্ত্রাস, দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র চার দিনে ৬০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ২২টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরে বাসে আগুন দিয়ে চালককে হত্যার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা কোথায়?
তিনি বলেন, গণভোটের রায় কোনও দলের রাজনৈতিক সুবিধা-অসুবিধার বিষয় নয়; এটি জনগণের সুস্পষ্ট গণরায়। ক্ষমতার হিসাব-নিকাশ করতে গিয়ে এই রায় উপেক্ষা করা হলে তা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। রাজনৈতিক সংকট সৃষ্টির দায় বিএনপি এড়াতে পারে না।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে আর কোনো কালক্ষেপণ করা যাবে না। ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে। জনগণের রায় নিয়ে ছিনিমিনি না খেলে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমির মাস্টার আজিজুল হক। বক্তব্য রাখেন অধ্যাপক আবু তাহের চৌধুরী, জাকির হোসাইন, কামরুল ইসলাম, আজিজুর রহমান, চেয়ারম্যান প্রার্থী মাস্টার আকতার কামাল ও ছাত্রশিবির নেতা শাহরিয়ার প্রমুখ।
মতামত