বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর পর্যটকদের চাপ কমাতে ইকোট্যুরিজম কেন্দ্রভিত্তিক পর্যটনে উৎসাহ দিচ্ছে বন বিভাগ। দেশি-বিদেশি পর্যটকদের জন্য বনের চারটি রেঞ্জে আটটি ইকোট্যুরিজম কেন্দ্রে বন্য প্রাণী দেখার পাশাপাশি বাড়ানো হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। তবে পর্যটকদের বড় অংশের আগ্রহের কেন্দ্রে রয়েছে চাঁদপাই রেঞ্জের করমজল বন্য প্রাণী প্রজনন ও ইকোট্যুরিজম কেন্দ্র। গত বছর সুন্দরবনে আসা প্রায় আড়াই লাখ পর্যটকের ৮০ শতাংশই কেন্দ্রটি ঘুরে দেখেছেন। অন্য সাতটি পর্যটন কেন্দ্রেও পর্যটকদের আগ্রহ বাড়ছে।
সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন শুধু বিশ্ব ঐতিহ্য এলাকা নয়, বিশ্বের বৃহত্তম জলাভূমিও। প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে ভরপুর এই ম্যানগ্রোভ বনের প্রাণ-প্রকৃতি দেখতে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ রয়েছে। ২৪ ঘণ্টায় ছয়বার রূপ বদলানো এই বনে রয়েছে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ ও ৩৭৫ প্রজাতির বন্য প্রাণী। বাঘ, হরিণ, কুমির ও ছয় প্রজাতির ডলফিনের বিচরণও পর্যটকদের আকর্ষণ করে। শরণখোলা রেঞ্জের কটকার জামতলা সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখারও সুযোগ রয়েছে।
পর্যটকদের কারণে সুন্দরবনের সামগ্রিক প্রতিবেশের ওপর চাপ কমাতে বন বিভাগ চারটি রেঞ্জে আটটি ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তুলেছে। কেন্দ্রগুলো হলো করমজল, হারবাড়িয়া, আন্ধারমানিক, আলীবান্ধা, কলাগাছিয়া, কালবগি, দোবেকী ও শেখেরটেক। এসব কেন্দ্রে পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
লোকালয় থেকে নৌপথে মাত্র ২০ মিনিটের দূরত্বে করমজল ইকোট্যুরিজম কেন্দ্র। বাগেরহাটের মোংলা পৌরসভার পশুর নদীর অপর পাড়ে অবস্থিত কেন্দ্রটি সারা বছর পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে।
কেন্দ্রটিতে রয়েছে ২৮টি চিত্রা ও মায়াবী হরিণ। দুটি পুকুর ও দুটি শেডে রয়েছে মিঠাপানির চারটিসহ লবণপানির আরও ৭১টি কুমির। দুটি পুকুরে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ৪৯৭টি বাটাগুর বাসকা কচ্ছপ।
সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে উঁচু কংক্রিটের পর্যবেক্ষণ টাওয়ার, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ উঁচু হাঁটার পথ ও ঝুলন্ত সেতু। বনের প্রাণ-প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্রে বাঘ, হরিণ, কুমির ও তিমির হাড়, বিভিন্ন প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া এবং বাঘের কঙ্কাল প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
কেন্দ্রটির পুকুরে থাকা কুমির ডাকলে কাছে চলে আসে। পর্যটকেরা নিজের হাতে হরিণকে খাবার খাওয়ানোর সুযোগও পান। খাবার দিলে বানরও কাছে আসে। উঁচু হাঁটার পথ দিয়ে চলাচলের সময় কিঙ্গকোবরা ও বিভিন্ন প্রজাতির সাপসহ বন্য প্রাণী দেখার সুযোগ রয়েছে। এ ছাড়া সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছপালা, শৈবাল ও অর্কিডও পর্যটকদের আকর্ষণ করে।
সুন্দরবন পূর্ব বিভাগের বন সংরক্ষক (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে সব সময় পর্যটকদের ভিড় থাকলে ম্যানগ্রোভ বনের প্রাণ-প্রকৃতির ওপর চাপ তৈরি হয়। এ কারণে বনের প্রতিবেশব্যবস্থা রক্ষায় বন বিভাগ আটটি ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তুলেছে। এসব কেন্দ্রভিত্তিক পর্যটনে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, গত বছর সুন্দরবন ভ্রমণ করা প্রায় আড়াই লাখ দেশি-বিদেশি পর্যটকের ৮০ শতাংশ করমজল কেন্দ্রে এসেছেন। অন্য সাতটি পর্যটন কেন্দ্রেও পর্যটকদের আগ্রহ বাড়ছে।
মতামত